ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের: জমি বিরোধে কোদালের আঘাতে মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ৯:৫৮ পিএম
ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের: জমি বিরোধে কোদালের আঘাতে মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে নিজ ছোট ভাইয়ের কোদালের আঘাতে নেজাম উদ্দিন (৪৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নেজাম উদ্দিন ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে এবং পেশায় একজন মুদি দোকানি ছিলেন। তিনি লালার হাট এলাকায় দোকান পরিচালনা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক জমি নিয়ে বিরোধীয় বিষয় নিয়ে নেজামের সাথে তারই ছোট ভাই মো. সুমনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে সুমন হাতে থাকা কোদাল দিয়ে নেজামের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি এবং আঘাতের পর পরই সুমন সেখান থেকে পালিয়ে যান।

আহত অবস্থায় স্থানীয়রা নেজামকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে আনা হলে নেজামকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। তার মাথার পেছনের অংশে গভীর ক্ষত রয়েছে এবং তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...