সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

প্রাইম বার্তা অনলাইন
২৫ সেপ্টেম্বর ২০২৬ ২:২১ এএম
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা আব্দুল কাইয়ুমের সামনে শেষ পর্যায়ে এসে ভেস্তে যেতে হয়েছে। লিখিত ও মৌখিক—দুই ধাপের পরীক্ষা সফলভাবে পার হয়ে নিয়োগের সুপারিশ পাওয়া এই প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের ধাপে বাদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সহকারী শিক্ষকদের নিয়োগের আদেশ জারি হলেও সেই তালিকায় তার নাম ছিল না।

ক্ষুব্ধ ও হতাশ হয়ে বৃহস্পতিবার রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে লেখেন, ‘একটা দুঃস্বপ্নের রাত। আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা মনে হয় আজকে পেলাম। যোগ্যতা দিয়ে জীবনের প্রথম জব পেয়েও ভ্যারিফেকেশনে বাদ পড়লাম।’ একই পোস্টে তিনি আরও লেখেন, ‘কি কারণ কিছুই জানি না। আমি রাষ্ট্রের কাছে এটার জবাবদিহিতা চাই। এই রাষ্ট্র আমাদের তরুণদের আর কত ট্রমা দিবে?’

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা কাইয়ুমের বাড়ি ফেনী জেলায়।

শুধু তিনি একা নন। সুপারিশ পাওয়ার পরও একইভাবে চূড়ান্ত তালিকার বাইরে রয়ে গেছেন ২৭ জেলার পাঁচ শতাধিক প্রার্থী। কেন তাদের বাদ দেওয়া হলো, তার কোনো ব্যাখ্যা এ পর্যন্ত দেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিষয়টি নিয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তারাও মুখ খুলছেন না।

নিয়োগের শেষ ধাপে এভাবে অজানা কারণে প্রার্থী বাদ পড়ার ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি তুলছেন বাদপড়ারা। তাদের ভেরিফিকেশনের ফলাফলের যুক্তি প্রকাশ করা হলে কেবল তবেই এ বিভ্রান্তির অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...