জবি প্রক্টরের হুঁশিয়ারি, শেখ হাসিনার মরদেহ দেশের মাটি গ্রহণ করবে না
জুলাই গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তীব্র ভাষায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশানা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার মরদেহও গ্রহণ করা হবে না। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে ক্যাম্পাস ও এর আশপাশে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেউ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে সহ্য করবে না। বর্তমানে সারা দেশে নিষিদ্ধ সংগঠনগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠছে এবং দু-এক মিনিটের প্রদর্শনীর মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জবি ক্যাম্পাসের আশেপাশে এ ধরনের কোনো কর্মকাণ্ড হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে, যত লোকই আসুন না কেন।
গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে এই শিক্ষক বলেন, বিপ্লব এখনো শেষ হয়নি। যারা এখনো নিষিদ্ধ রাজনীতির সাথে জড়িত, তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার এখনই সময়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেই চেতনা ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

