পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ঘর থেকেই শুরুর আহ্বান মেয়র শাহাদাতের
একটি সুস্থ, সবুজ এবং নিরাপদ নগর গঠনের জন্য পরিবর্তনের শুরুটা নিজের ঘর থেকেই করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কেবল সরকারি প্রচেষ্টা নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুমুক্ত ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব নয়। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলার সরকারি দপ্তরগুলোর পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, সমাজ বা রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে আগে নিজের ভেতরের পরিবর্তন আনা প্রয়োজন। তিনি প্রতি শনিবার ঘর, আঙিনা এবং আশপাশ পরিষ্কারের জন্য অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার পরামর্শ দেন। এছাড়া শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সিটি করপোরেশনের পরিচালিত স্কুলগুলোতে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে বলেও জানান তিনি। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মেয়র জানান, নগরীতে প্রতিদিন প্রায় তিন হাজার ২০০ মেট্রিক টন ময়লা উৎপন্ন হলেও তার মধ্যে মাত্র দুই হাজার ২০০ মেট্রিক টন সংগ্রহ করা সম্ভব হচ্ছে। বাকি এক হাজার মেট্রিক টন বর্জ্য খাল-নালা বা উন্মুক্ত স্থানে ফেলা হয়, যা কর্ণফুলী ও হালদা নদীর পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তিনি জানান, নাগরিক দায়িত্ববোধ বা ‘সিভিক সেন্স’ জাগ্রত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাসা-বাড়ি থেকে শুরু করে গণপরিবহনে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধ না হলে পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব হবে না।
এই সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপি’র অতিরিক্ত কমিশনারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ ও কর্মক্ষেত্রের উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

