৩ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের ডিজিটাল কার্ড, মিলবে সব সুযোগ-সুবিধা

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ৩:২৪ এএম
৩ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের ডিজিটাল কার্ড, মিলবে সব সুযোগ-সুবিধা

দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ প্রদানের কাজ শুরু করেছে সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে দুই কোটি ৭০ লাখ কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে। এর ফলে সরকারি ভর্তুকি ও সুযোগ-সুবিধা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো নিশ্চিত হবে।

শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে এই কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনলাইন নিবন্ধনের প্রথম দিনেই শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৪৫ হাজার কৃষকের কার্ড ইস্যু করা হয়েছে। প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে এই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কৃষিঋণ এবং অন্যান্য প্রণোদনা সহজে ও স্বচ্ছভাবে বিতরণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

মন্ত্রী এ সময় নিবন্ধন কাজে জালিয়াতি রোধে কৃষকদের সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভুল তথ্য দিলে ভবিষ্যতে কৃষি সেবা পেতে সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হয়রানি বন্ধ ও স্বজনপ্রীতি পরিহার করে প্রকৃত কৃষক শনাক্তে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন মো. আমিন উর রশিদ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...