হাতিরঝিল থানার ওসি প্রত্যাহার, মগবাজারের দোকান বন্ধের ঘটনায় তদন্ত কমিটি

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১:১০ পিএম
হাতিরঝিল থানার ওসি প্রত্যাহার, মগবাজারের দোকান বন্ধের ঘটনায় তদন্ত কমিটি

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে একটি পোশাকের শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানার একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএমপির গণমাধ্যম শাখার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ২০ মার্চ ‘নবীন’ নামের একটি ব্র্যান্ডের শোরুমে কম দামে পাঞ্জাবি বিক্রির অফার দেওয়া হয়। এ নিয়ে ওই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শোরুম কর্তৃপক্ষের বাগবিতণ্ডা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সামাজিক মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনার সত্যতা যাচাই ও পুলিশ সদস্যদের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। আপাতত হাতিরঝিল থানার ওসিকে ডিএমপি সদর দপ্তরে এবং ওই এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...