২৫ নভেম্বর প্রকাশ হচ্ছে স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা
আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে ঘিরে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২৫ নভেম্বর এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে ইসি। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা একটি চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৪ নভেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ তৈরি করে মাঠ পর্যায়ে লিংক পাঠানো শেষ হবে। এরপর ৫ নভেম্বর হালনাগাদকৃত খসড়া তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে। ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জানাতে সময় পাবেন ২০ নভেম্বর পর্যন্ত। সংশোধনী কর্তৃপক্ষ এসব আবেদন নিষ্পত্তি করবে ২৩ নভেম্বরের মধ্যে এবং গৃহীত সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করা হবে ২৪ নভেম্বর। সবশেষে ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসির চিঠিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, মুদ্রিত খসড়া তালিকা জনসম্মুখে পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভুলত্রুটি সংশোধনে আবেদনের আহ্বান জানাতে হবে। এজন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে ও পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের সহায়তায় বিষয়টি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ রয়েছে। খসড়া তালিকায় মহিলা ভোটারের নাম পুরুষ তালিকায় বা পুরুষ ভোটারের নাম মহিলা তালিকায় অন্তর্ভুক্ত থাকলে, এমনকি ধর্ম সংক্রান্ত বা অন্য কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ধাপে পা রাখল নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের নিজ নিজ নাম যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম থাকলে তা জানানোর বিষয়ে সচেতন হওয়ার পালা। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই সামনে আসতে শুরু করতে পারে ভোটের মাঠের তৎপরতা।

