সীমানা দেওয়াল ভেঙে বাসিন্দাদের প্রাণনাশের হুমকি, চান্দগাঁও থানায় জিডি

প্রাইম বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৬ ৪:৫৪ এএম
সীমানা দেওয়াল ভেঙে বাসিন্দাদের প্রাণনাশের হুমকি, চান্দগাঁও থানায় জিডি

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা সিডিএ আবাসিক এলাকায় বাসিন্দাদের সীমানা দেওয়াল ভেঙে ফেলার ঘটনায় বোয়ালখালীর বাসিন্দা ফরিদ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে এগিয়ে এলে আবাসিক এলাকার বাসিন্দাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে চন্দ্রিমা সিডিএ আবাসিক কল্যাণ সমিতি। ঘটনাটি ঘিরে শনিবার (১৭ অক্টোবর) চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা ৩০ থেকে ৪০ জনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে কয়েকজন হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙতে দেখা যায়।

আবাসিক কল্যাণ সমিতির সভাপতি জহির উদ্দীন (৬৬) জানান, বোয়ালখালীর বাসিন্দা ফরিদ বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকে বসবাস করেন। আবাসিক এলাকার সীমানার বাইরে স্থানীয়দের কিছু জায়গা রয়েছে। তিনি বলেন, কয়েকজন বয়স্ক বাসিন্দা কাজে বাধা দিলে তারা তাদের ওপর চড়াও হন এবং প্রাণনাশের ভয় দেখিয়ে হুমকি দেন। তাদের হাতে অস্ত্র থাকায় সরাসরি প্রতিরোধ গড়ে তোলার সুযোগ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর সমিতির পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হয়। সমিতির নেতাদের বর্ণনা অনুযায়ী, সংসদ সদস্য বিষয়টি চান্দগাঁও থানার পুলিশকে জানিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন। পরে তার পরামর্শেই সমিতির সভাপতি জহির উদ্দীন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ জমা দেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর শনিবার সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া ও তদন্ত চালু রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...