জাতিসংঘের গ্যাং সাপ্রেশন মিশনে হাইতির পথে সেনাবাহিনীর ৫০ সদস্য

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ৯:৩৬ পিএম
জাতিসংঘের গ্যাং সাপ্রেশন মিশনে হাইতির পথে সেনাবাহিনীর ৫০ সদস্য

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ)-এ দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য হাইতির উদ্দেশে দেশ ছেড়েছেন। যাত্রার আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সেনাসদরে তারা সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সাক্ষাৎকালে সিজিএস মিশন এলাকায় দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সদস্যদের বিস্তারিত দিকনির্দেশনা দেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে এই মোতায়েনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারেরই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বের নানা প্রান্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তির প্রত্যয়, পেশাদারত্ব ও অদম্য সাহস নিয়ে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই মিশনে নিয়োজিত সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...