লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধানে শিল্পকলায় বসছে স্মরণসন্ধ্যা
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপনে রাজধানীতে বসছে বিশেষ স্মরণসন্ধ্যা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই আয়োজনের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। আলোচনা পর্ব দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন শিল্পী ও গবেষক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অ. দা.) মো. হারুন-অর-রশীদ।
আলোচনা পর্ব শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে মঞ্চে লালনের গান উপস্থাপন করবেন শিল্পকলা একাডেমির প্রথিতযশা লালন শিল্পীরা। পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
মানবতার দর্শন ও ভাবগানের সাধক লালন সাঁইয়ের জীবন, দর্শন আর অমর সৃষ্টি নিয়ে আলোকপাত হবে এই স্মরণানুষ্ঠানে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বাউল শিরোমণির উত্তরাধিকার বহমান রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।

