মালদ্বীপের শিক্ষার্থীদের ঢাকা সফর: এগিয়ে যাচ্ছে শিক্ষা সহযোগিতা
বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কে শিক্ষা খাতে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। ইসলামিক ইউনিভার্সিটি অব মালদ্বীপের (আইইউএম) ১১ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত ‘সামাজিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ২০২৬’-এ তারা অংশগ্রহণ করে। তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহমর্মিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এ ধরনের উদ্যোগকে সহায়তা ও উৎসাহিত করে আসছে।
সাত দিনব্যাপী এই কর্মসূচিতে আইইউএমের ১০ জন মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থী এবং একজন শিক্ষক অংশ নেন। একাডেমিক আলোচনা ও সামাজিক উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কার্যক্রমের পাশাপাশি এতে ছিল আন্তঃসাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া এবং নানা প্রাতিষ্ঠানিক আয়োজন। এসব কার্যক্রমের মাধ্যমে মালদ্বীপের অংশগ্রহণকারীরা বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান এবং নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতাও ভাগ করে নেন।
এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, এই ধরনের শিক্ষা বিনিময় সাংস্কৃতিক কূটনীতি ও জনকূটনীতির বিকাশের পাশাপাশি বাংলাদেশের সফট পাওয়ার বিস্তারেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কর্মসূচিটি অর্থবহভাবে আয়োজনের জন্য তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি এবং অংশগ্রহণের জন্য আইইউএমের প্রতিনিধিদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তরুণদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এসব আয়োজন দুই দেশের মানুষের মধ্যে আস্থা, বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করবে। ভবিষ্যতেও দুই দেশের শিক্ষাঙ্গনের মধ্যে এমন সহযোগিতা আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি করছে।

