সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল চীন

প্রাইম বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৬ ৩:৪৪ এএম
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল চীন

সাইবার অপরাধ প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি ও লজিস্টিক সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়েছে চীন। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশ এবং চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশেষত সাইবার অপরাধ প্রতিরোধ, তথ্য আদান-প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনা পক্ষ বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সরঞ্জাম এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেন।

এছাড়া টেলিকমভিত্তিক প্রতারণাসহ নানা ধরনের প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়েও মতবিনিময় হয়।

ভবিষ্যতে সাইবার ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার আশা ব্যক্ত করেন উভয় পক্ষ। এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...