বিশেষ চাহিদার শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনে ডা. জুবাইদা রহমান
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও চিকিৎসা সেবার বাস্তব চিত্র দেখতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
স্কুলে পৌঁছালে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। এ সময় তাকে স্বাগত জানান বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান। সফরকালে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন ডা. জুবাইদা রহমান। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপির কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।
প্রতিষ্ঠানে বিশেষভাবে প্রশিক্ষিত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে নিরলস কাজ করছেন। স্কুলের অধ্যক্ষ পাঠদান, কারিগরি শিক্ষা, থেরাপি সুবিধা এবং মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে ডা. জুবাইদা রহমানকে অবহিত করেন। ২০২১ সালে বাফওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ব্লু স্কাই’-এ সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একজন সিস্টার/ব্রাদার দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী মূলধারার শিক্ষায় যুক্ত হয়েছে, পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ সহকারী থেরাপিস্ট হিসেবে নিয়োগ পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
পরিদর্শন শেষে বাফওয়ার বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘বাফওয়া কর্নার’ ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। সেখানে বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, বাফওয়া দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প ও বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং প্রশিক্ষণার্থীদের তৈরি নানা হস্তশিল্প সামগ্রী পরিদর্শন করেন। সমাপনী পর্বে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

