জুলাই শহীদের সরকারি তালিকা থেকে শাহিদুল আলমের নাম বাদ, সংখ্যা নেমে ৮৪২

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ পিএম
জুলাই শহীদের সরকারি তালিকা থেকে শাহিদুল আলমের নাম বাদ, সংখ্যা নেমে ৮৪২

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হিসেবে সরকারি স্বীকৃতি থেকে বাদ দেওয়া হয়েছে মো. শাহিদুল আলমকে। গত ৯ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তার শহীদ স্বীকৃতির গেজেট বাতিল করে। এর ফলে সরকারি তালিকায় স্বীকৃত জুলাই শহীদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৪২ জনে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ‘শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)’-এর ক্রমিক নম্বর ২৩ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন, ২০২৬’-এর ১০(২) ধারায় মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করেই এই গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া গেজেটে নম্বর ৮১ এবং মেডিকেল কেস আইডি ৪৪০২ নিয়ে শাহিদুল আলমের নাম অন্তর্ভুক্ত ছিল। তার বাবার নাম আছির উদ্দিন আহমেদ এবং মায়ের নাম বেগম সুফিয়া আহমেদ। ঠিকানা হিসেবে ঢাকার বনানীর মহাখালী ওয়্যারলেস গেটের চ-৭৮ উল্লেখ করা ছিল।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে তিন ধাপে ৮৫৬ জনের গেজেট প্রকাশ করা হয়েছিল। এরপর নানা কারণে ১৩ জনের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হলে সরকারি হিসাবে শহীদের সংখ্যা দাঁড়ায় ৮৪৩ জনে। সর্বশেষ শাহিদুল আলমের গেজেট বাতিলের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকায় স্বীকৃত শহীদের সংখ্যা এখন ৮৪২ জনে নেমে এসেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...