প্রধান সড়কের পাশাপাশি আবাসিক এলাকার রাস্তাও সংস্কার করবে চসিক
চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলোর পাশাপাশি আবাসিক এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলোও ধাপে ধাপে নির্মাণ ও মেরামত করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরের চান্দগাঁও আবাসিক এলাকা ঘুরে দেখার পর চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
এদিন মেয়র বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তা এবং নতুন করে নির্মাণ প্রয়োজন এমন সড়কগুলো সরেজমিন দেখেন। এ সময় এলাকার যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুযোগ-সুবিধার বিষয়ে বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
মেয়র জানান, নগরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোর উন্নয়নে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে একটি নগরের যোগাযোগ ব্যবস্থা কেবল প্রধান সড়কের ওপর নির্ভর করে না; পাড়া-মহল্লার অভ্যন্তরীণ রাস্তাও নাগরিকদের দৈনন্দিন চলাচলের জন্য সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত, বৃষ্টির পানি ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী এবং নতুন নির্মাণ প্রয়োজন এমন সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হবে বলে জানান ডা. শাহাদাত হোসেন। এক্ষেত্রে শুধু রাস্তা তৈরিতেই সীমাবদ্ধ থাকবে না কাজ, বরং পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ, ফুটপাত এবং পথচারীদের নিরাপদ চলাচলের বিষয়টিও সমন্বিতভাবে বিবেচনা করা হবে।
সেবা সংস্থাগুলোর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মেয়র। তার ভাষায়, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রাস্তা খুঁড়ে কাজ করে থাকে; ফলে তাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত অনেক ক্ষেত্রে চসিকের পক্ষে স্থায়ীভাবে সড়ক সংস্কার করা সম্ভব হয় না। ওয়াসার কাজ শেষ হওয়ার পরই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

