গ্রিন চ্যানেলে ধরা: শাহজালালে ১৭ লাখ টাকার সিগারেট, ভেপ ও ডিসপ্লে জব্দ

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ পিএম
গ্রিন চ্যানেলে ধরা: শাহজালালে ১৭ লাখ টাকার সিগারেট, ভেপ ও ডিসপ্লে জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার বিশেষ অভিযানে বিদেশি সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লেসহ আনুমানিক ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের পণ্য জব্দ হয়েছে। দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। সবাই ধরা পড়েন ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফট বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আগত সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করে।

নজরদারির অংশ হিসেবে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজে সন্দেহ হলে তল্লাশি ও ইনভেন্টরি চালিয়ে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একে-৭১ ফ্লাইটের যাত্রী শিপনের ব্যাগেজ থেকে ৪৪ পিস ভেপ উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া গুয়াংজু থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২৫ ফ্লাইটের দুই যাত্রী কে এম তোফায়েল আহমেদ ও শামিমা আকতারের কাছ থেকে যথাক্রমে ৯৮ ও ৪৬ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়; দুজনের মোট ১৪৪ পিস ডিসপ্লে জব্দ হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, একদিনে তিনটি আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজ থেকে এত বিপুল পরিমাণ পণ্য আটকের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব পণ্য আনার পেছনে সংঘবদ্ধ কোনো চক্র জড়িত কি না এবং যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...