হেঁটে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী, আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৪ পিএম
হেঁটে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী, আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ

দেশে উৎপাদনযোগ্য কৃষি ও খাদ্যপণ্যের ওপর ভরসা বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজের কার্যালয় থেকে পায়ে হেঁটে কৃষি মন্ত্রণালয়ে পৌঁছে তিনি কর্মকর্তাদের এ তাগিদ দেন। লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ওঠেন তিনি।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কৃষি খাতের সার্বিক অবস্থা, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করে তুলতে হবে।

ভোজ্যতেলের আমদানি কমাতে সরিষা চাষে সাফল্যের তথ্য বৈঠকে উপস্থাপন করা হয়। ২০২১-২২ অর্থবছরে দেশে সরিষা উৎপাদন ছিল ৮ দশমিক ২৪ লাখ মেট্রিক টন, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ১৫ দশমিক ৩৪ লাখ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৫ দশমিক ৪১ লাখ টনে দাঁড়িয়েছে। পেঁয়াজের ক্ষেত্রে কৃষক পর্যায়ে এয়ার-ফ্লো প্রযুক্তিতে সংরক্ষণ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে জানানো হয়। এছাড়া লবণাক্ততা, খরা ও জলাবদ্ধতাসহিষ্ণু নতুন ফসলের জাত মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার কার্যক্রম চলছে।

কৃষি গবেষণায় এ পর্যন্ত বিভিন্ন ফসলের ১ হাজার ৯০টি জাত উদ্ভাবিত হয়েছে, যার মধ্যে ধানের জাত ১৫৫টি। এক হাজারের বেশি কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের তথ্যও বৈঠকে তোলা হয়। শ্রম ও ব্যয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে কৃষি যান্ত্রিকীকরণে বেশি গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে। কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টারসহ যন্ত্র সুলভমূল্যে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশীয় কৃষিযন্ত্র উদ্ভাবন ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ রয়েছে। দেশে ২ হাজার ৬১৭টি সৌর সেচব্যবস্থা স্থাপিত হয়েছে জানিয়ে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সেচ বাড়ালে কৃষকের সেচব্যয় ও প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে।

কৃষিকে টেকসই ও আত্মনির্ভর করে গড়ে তুলতে মন্ত্রণালয়ের এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বিদেশি খাদ্যপণ্যের ওপর নির্ভরশীলতা হ্রাসই সামনের দিনের মূল লক্ষ্য বলে বৈঠকে প্রত্যাশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...