গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল আঁচ করতে পারেনি কেন, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হঠাৎ মিছিলের ঘটনায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে গুলশানে লাজ ফার্মা বা রেস্টুরেন্টে ব্যক্তিগত কাজে গেলেও বিভিন্ন সংস্থা নজরদারি করত, কোনো কোনো সংস্থা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ থেকে ছবি পর্যন্ত সংগ্রহ করত। কিন্তু গতকাল গুলশানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিআইপি ও ডিপ্লোমেটিক এলাকায় নিষিদ্ধ সংগঠনের ২০০ থেকে ২৫০ জন কর্মী জড়ো হয়ে মিছিল করেছে, অথচ প্রশাসন কিংবা গোয়েন্দারা বিষয়টি আগে থেকে ধরতে পারেনি বলে তিনি জানতে চান। তিনি সতর্ক করে বলেন, এসব বিষয় বিবেচনা করে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তা হবে অশনি সংকেত।
জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে এলে মিছিলকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ্যে ককটেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে এবং তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে।
এ মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

