রাজধানীতে গুণী ও সমাজসেবকদের সম্মাননা দিলো ‘ভি অ্যাওয়ার্ড ২.০’
সমাজের নানা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি ও সংগঠনগুলোর হাতে সম্মাননা তুলে দিয়েছে ‘ভি অ্যাওয়ার্ড ২.০’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনোনীত গুণীজন ও সমাজসেবকদের মধ্য থেকে নির্বাচিতদের এই সংবর্ধনা জানানো হয়। আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক পরিবর্তনে নিয়োজিত মানুষ ও প্রতিষ্ঠানগুলোর কাজকে সামনে আনা এবং তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বিজয় ফাউন্ডেশন ও সিটিজেন প্ল্যাটফর্মের আয়োজনে নেক্সটার গ্রুপের প্রেজেন্টেশনে পাওয়ার্ড বাই হিসেবে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারজানা ইয়াসমিন রিমি ও মিলভা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেক্সটার গ্রুপের সিইও তানিয়া বিনতে আশরাফ এনা, বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ফেরদৌস হাসান কায়সার, সিটিজেন প্ল্যাটফর্মের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফাতিন ইসরাক রহমান, অভিনেতা ও বাইফা এওয়ার্ডের ডিরেক্টর অন্তু করিম, সমাজসেবক ও স্পিকার আলভি রায়হান সিমান্ত, সিম্ফনি অফ কিস মিউজিক স্কুলের আদনান বিন জামান, আন্তর্জাতিক বেসিস্ট এম. এফ. হোসাইন, অভিনেতা ও প্রেজেন্টার সাইফুর রহমান ইভান, চলচ্চিত্র নির্মাতা সিমান্ত সজল ও ইয়ামিন এলান। এ সময় লিংকডইন কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আলতাফ হোসেন রাজু, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের জোনাল ম্যানেজার জাহিদ হোসাইন সানি ও মো. আবির হোসাইন, ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের জুলিয়া ইয়াসমিন এবং পেট হাভ ক্লিনিকের কনসালটেন্ট অ্যান্ড সার্জন সোহাগ তালুকদারও ছিলেন উপস্থিত।
সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় হয় এবং নানা সাংস্কৃতিক পরিবেশনাও মঞ্চে আসে। আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত ছিল লিংকডইন কমিউনিটি বাংলাদেশ, টিকেট কিনুন, আজিজ কর্পোরেশন, নেক্সট জেন মিডিয়া অ্যাকাডেমি, আলফা স্টার ফাউন্ডেশন ও রোটারেক্ট ঢাকা নেক্সপটজেন। মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করে জাগো নিউজ, দৈনিক কালবেলা, ফ্ল্যাশ টিভি, অন্যায়ের প্রতিবাদ ও বাংলা মিরর। আয়োজকদের প্রত্যাশা, এই স্বীকৃতি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা মানুষদের আরও বড় পরিসরে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

