দেশে সরকারি খাদ্যশস্যের মজুত ছয় মাসে বেড়েছে দেড় লাখ টনের বেশি

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ১১:২২ এএম
দেশে সরকারি খাদ্যশস্যের মজুত ছয় মাসে বেড়েছে দেড় লাখ টনের বেশি

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি সরকার সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে কাজ করে যাচ্ছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দেশে সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন, যা গত ৯ সেপ্টেম্বরে এসে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ টনে। অর্থাৎ মাত্র ছয় মাসের ব্যবধানে সরকারি মজুতে যুক্ত হয়েছে এক লাখ ৪৮ হাজার ৪৮৪ টন খাদ্যশস্য।

মজুতের পাশাপাশি সংরক্ষণ সক্ষমতাও বাড়ানো হয়েছে। এর আগে দেশে খাদ্য রাখার ধারণ ক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ টন। বিএনপির বিশেষ উদ্যোগে আগামী পাঁচ বছরের মধ্যে তা ৩৪ লাখ টনে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সংরক্ষণ ক্ষমতা বেড়ে ২৭ লাখ টনে পৌঁছেছে। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিরাপদ খাদ্য মজুত সীমাও সংশোধন করেছে। এতদিন ১৩ লাখ ৫০ হাজার টনকে নিরাপদ সীমা ধরা হলেও এখন তা বাড়িয়ে ১৬ লাখ টন করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে দেশে সরকারি খাদ্যশস্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। মোট মজুতের মধ্যে চাল রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ টন, গম ২ লাখ ৩২ হাজার ১৮৩ টন এবং ধান ৩৪ হাজার ৭০ টন। ফ্লোটিং মজুতসহ সামগ্রিক পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ টনে, যার মধ্যে ফ্লোটিং মজুত হিসেবে রয়েছে ৬৮ হাজার ৭২৩ টন গম। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের খাদ্যবান্ধব নীতির সুফলে এখন দেশে খাদ্য নিয়ে কোনো উদ্বেগ নেই।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির দিন ২০২৫ সালের ৪ আগস্ট দেশে চাল ও গম মিলিয়ে সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২১ লাখ ৩১ হাজার টন। ওই সময় মজুতে চাল ছিল ১৯ লাখ ৫৪ হাজার টন আর গম এক লাখ ৭৭ হাজার টন। সেই হিসেবে গত কয়েক মাসে সরকারি মজুত বেড়েছে ২ লাখ ২৮ হাজার ১৫৪ টন, যা খাদ্য ব্যবস্থাপনায় সরকারের ক্রমবর্ধমান সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...