আগামী হজে যাত্রী নিয়ে যেতে অনুমতি পেল ৭০২ এজেন্সি, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ৫:০২ পিএম
আগামী হজে যাত্রী নিয়ে যেতে অনুমতি পেল ৭০২ এজেন্সি, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর

আগামী ২০২৭ সালের হজে হজযাত্রী নিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছে এ পর্যন্ত মোট ৭০২টি হজ এজেন্সি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সপ্তম ধাপে প্রাথমিক যোগ্যতা অর্জনকারী আরও ২২টি এজেন্সির তালিকা ঘোষণা করেছে। এর আগে পর্যন্ত ছয়টি ধাপে ৬৮০টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য এবার ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পাঠানোর কোটা বরাদ্দ করেছে সৌদি সরকার। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে। নির্ধারিত সময় শেষ হলে সময়সীমা আর বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।

অনুমোদন পাওয়া এজেন্সিগুলোর জন্য কিছু শর্ত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রী নিবন্ধন শুরুর আগে যোগ্য তালিকাভুক্ত এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম হজযাত্রীর কোটা কোনো এজেন্সি এককভাবে বা সমন্বয়ের মাধ্যমে পূরণ করতে পারলে সংশ্লিষ্ট এজেন্সি বা লিড এজেন্সি হজযাত্রী পাঠাতে পারবে।

এছাড়া এজেন্সিগুলোকে ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ নির্ধারণ করে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে। ওই প্যাকেজই হজযাত্রী ও এজেন্সির মধ্যে চুক্তিপত্র হিসেবে বিবেচিত হবে। প্যাকেজে সৌদি আরবে প্রদেয় সেবা, অবস্থানকাল, হোটেলের দূরত্ব এবং প্যাকেজের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হবে।

প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। একজন গাইডের জন্য নির্ধারিত সমসংখ্যক হজযাত্রী থাকলে এজেন্সিটি সমন্বয়ের মাধ্যমে হজে অংশ নিতে পারবে। তা না হলে লিড এজেন্সির আওতাধীন অন্য কোনো এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...