রাজধানীজুড়ে ব্যাপক অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর একাধিক থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে আটক করেছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান।
ডিএমপি কর্মকর্তা বলেন, অভিযানের সময় মাদকদ্রব্যসহ নানা আলামত উদ্ধার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগের অধীনে, সেখানে আটক হয়েছেন ১৪৩ জন। এরপর তেজগাঁও বিভাগে ১১৪, ওয়ারী বিভাগে ৮০ এবং মতিঝিল বিভাগে ৬৮ জন গ্রেফতার হন। এ ছাড়া লালবাগ ও উত্তরা বিভাগে ৪২ জন করে, গুলশান বিভাগে ৩৯, রমনা বিভাগে ৩৬ এবং গোয়েন্দা বিভাগে ১৩ জনকে আটক করা হয়।
অভিযানকালে জব্দ করা হয়েছে ২টি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি ও ৬টি ককটেল। মাদকের তালিকায় রয়েছে ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা এবং ৭ গ্রাম হেরোইন। এর পাশাপাশি ২টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড ও ৪টি ইলেকট্রনিকস চিপ উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। বড় এই অভিযানে অস্ত্র, মাদক ও নানা আলামতসহ পুলিশের হাতে এসেছে ব্যাপক সংখ্যক সন্দেহভাজন।

