রেলের সুখবর: মোংলা-ঢাকা রুটে চালু হচ্ছে একজোড়া আন্তঃনগর ট্রেন

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ২:০৯ পিএম
রেলের সুখবর: মোংলা-ঢাকা রুটে চালু হচ্ছে একজোড়া আন্তঃনগর ট্রেন

বন্দরনগরী মোংলা ও রাজধানী ঢাকার মধ্যে সরাসরি রেল যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ওই রুটে যাত্রী পরিবহনে একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির মহাপরিচালক আফজাল হোসেন। মিটিংয়ের কার্যবিবরণীতে মোংলা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন পরিচালনার পরিকল্পনার কথা উঠে এসেছে।

মোংলা রুটের পাশাপাশি আরও কয়েকটি রুট নিয়েও আলোচনা হয় সভায়। এর মধ্যে রয়েছে জামালপুর এক্সপ্রেসকে সার্কুলার রুটে চালানোর সম্ভাব্যতা নিরীক্ষা করে মতামত পাঠানোর নির্দেশ। এছাড়া নরসিংদী কমিউটার ট্রেনের রেক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন পরিচালনার বিষয়েও মতামত জানতে বলা হয়েছে।

সেবার মানোন্নয়নের ধারাবাহিকতায় নাজিরহাট লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই সভা থেকে। এসব উদ্যোগ বাস্তবে রূপ নিলে দেশের বিভিন্ন রুটে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং রেলের প্রতি যাত্রীদের আস্থা বাড়বে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...