বিদ্যুৎ সংকটে দেশ ‘পাওয়ারলেস’, সংসদে শফিকুর রহমানের তীব্র সমালোচনা

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ১:৪৯ এএম
বিদ্যুৎ সংকটে দেশ ‘পাওয়ারলেস’, সংসদে শফিকুর রহমানের তীব্র সমালোচনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান দাবি করেছেন, চরম বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সারা দেশ এখন কার্যত অচল অবস্থায় পড়ে গেছে। দেশের জনগোষ্ঠীর ৮০ শতাংশই গ্রামে বাস করেন জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎঘাটতির কারণে গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মক দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাভেদে টানা ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে ‘তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক নিজের প্রস্তাব নিয়ে আলোচনার সময় তিনি এই অবস্থান ব্যক্ত করেন। ওই অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

লং মার্চের অভিজ্ঞতা তুলে ধরে শফিকুর রহমান জানান, যাত্রাপথে বিভিন্ন জেলা ও বাজারে থামার সুযোগ হলে শুরুতে বিদ্যুতের সংযোগ দেখতে পান, এরপর সীতাকুণ্ডে পৌঁছালে আবার বিদ্যুতের দেখা মেলে। কিন্তু এই দুই প্রান্তের মধ্যবর্তী পুরো পথে কোথাও বিদ্যুৎ ছিল না। তাঁর ভাষায়, এটাই গোটা দেশের প্রকৃত চিত্র। তিনি বলেন, ‘একটি দেশ যখন বিদ্যুৎ সংকটে ভোগে, তখন দেশ পাওয়ারলেস হয়ে যায়। আমরা চাই না আমাদের জাতি পাওয়ারলেস হোক; আমরা চাই জাতি পাওয়ারফুল হোক।’

সংকট নিরসনে বিরোধী দল সরকারের কাছে কোনো কৃতিত্ব দাবি না করে নিঃস্বার্থভাবে টেকনিক্যাল এক্সপার্ট টিমের সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি মুখের আশ্বাসের বদলে জাতির সামনে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

সংসদে দেওয়া প্রতিশ্রুতি আর মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে গরমিল থাকার অভিযোগ তুলে তিনি বলেন, মিটার চার্জ ও ডিমান্ড চার্জ না নেওয়ার কথা বলা হলেও তা আদায় ঠিকই চলছে। ভুতুড়ে বিলের সমাধানের আশ্বাস দেওয়ার পরও সমস্যাটি রয়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে যত সুন্দর পরিকল্পনাই হোক, তা ব্যর্থ হওয়া ছাড়া পথ থাকে না।

বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জকে জনগণের অর্থ ‘ডাকাতি’র সঙ্গে তুলনা করে শফিকুর রহমান বলেন, ‘আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু এর সমাধান হওয়া উচিত। এই দুষ্ট চক্র থেকে জাতি বের হতে না পারলে কোনো নিস্তার নেই।’ এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে দেশের অর্থনীতি ও শিল্পখাতে আরও বিপর্যয়ের ঝুঁকি বাড়বে বলে সংসদে সতর্ক করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...