ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম বা চাকরি নিষিদ্ধ, সতর্কবার্তা দিল দূতাবাস
বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে যেসব কাজ করা যাবে না, তার একটি তালিকা প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সতর্কবার্তায় ভিসাধারীদের কাছে এসব নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, শুধুমাত্র সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এনে দেওয়ার উদ্দেশ্যে সে দেশে গিয়ে সন্তান জন্ম দেওয়া—যাকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়—এই ভিসার আওতায় পড়ে না। অর্থাৎ ভ্রমণ ভিসা নিয়ে এ ধরনের উদ্দেশ্যে সফর সম্পূর্ণ অনুমোদিত নয়।
এর বাইরে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে বেতন বা পারিশ্রমিক গ্রহণের উদ্দেশ্যে কাজ করা, ডিগ্রি অর্জন বা অ্যাকাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা এবং অর্থের বিনিময়ে মঞ্চে পারফরম্যান্স দেওয়া—সবই ভ্রমণ ভিসায় নিষিদ্ধ বলে জানিয়েছে দূতাবাস।
বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী সফরের জন্য ব্যবহৃত হয়। এর আওতায় স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশ যাপন এবং চিকিৎসার মতো নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যায়। ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা আবেদন ও সে দেশে প্রবেশে জটিলতা তৈরি হতে পারে বলে ভিসাধারীদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

