৬৪ জেলা ও ৮ মহানগরে বিচারকদের জন্য নির্মাণ হবে আধুনিক আবাসিক কমপ্লেক্স
দেশজুড়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বসবাসের সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। ৬৪ জেলা ও ৮টি মহানগরে বিচারকদের জন্য আধুনিক বহুতল আবাসিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেখানে প্রতিটি ভবন স্থানভেদে ১০ থেকে ১৫ তলা পর্যন্ত হতে পারবে।
এই উদ্যোগের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ জেলা ও দায়রা জজদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে ভবন নির্মাণের উপযুক্ত জায়গা নির্ধারণ করে স্থানিক নকশা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচিত স্থানগুলোর ডিজিটাল সার্ভে করার জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
জানা গেছে, প্রতিটি জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনালে বর্তমানে ৩০ থেকে ৫০ জন বিচারক দায়িত্ব পালন করছেন। কিন্তু কয়েকটি জেলা বাদে বেশিরভাগ জেলাতেই তাদের জন্য সমন্বিত বা পর্যাপ্ত সরকারি আবাসনের ব্যবস্থা নেই। ফলে অধিকাংশ বিচারককে ভাড়া করা বাসায় থাকতে বাধ্য হচ্ছেন। স্পর্শকাতর মামলা পরিচালনার কারণে ভাড়া বাসায় বসবাস বিচারক ও তাদের পরিবারের সার্বিক নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে বলে চিঠিতে উঠে এসেছে।
আইন ও বিচার বিভাগের মতে, অনেক জেলা জজশিপের আওতায় আবাসিক ভবন নির্মাণের মতো যথেষ্ট জায়গা রয়েছে। ওই জমির সর্বোচ্চ সদ্ব্যবহার করে প্রতিটি জেলা ও মহানগরে বহুতল কমপ্লেক্স নির্মাণ করা হলে চলতি সংকট নিরসনের পাশাপাশি ভবিষ্যতের বর্ধিত চাহিদাও পূরণ সম্ভব হবে। একক আবাসিক ভবনে সিসিটিভি, নির্দিষ্ট প্রবেশপথ ও সার্বক্ষণিক সশস্ত্র পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ হবে বলেও জানিয়েছে বিভাগটি। উল্লেখ্য, পুরো উদ্যোগটি এগিয়ে নেওয়া হচ্ছে ‘৬৪ জেলা এবং ৮টি মহানগরের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায়।

