উল্টোপথে গাড়ি চালানোয় দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৪ এএম
উল্টোপথে গাড়ি চালানোয় দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

উল্টোদিকে গাড়ি চালানোর ঘটনায় নিজের ব্যবহৃত গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা হওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এই ঘটনা ঘটে। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গাড়িটি ও চালকের বিরুদ্ধে মামলা করে।

জাতীয় সংসদের প্রবেশপথে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রী বলেন, ‘তারেক রহমানের গঠিত সরকার সুশাসন ও আইনের শাসনে বিশ্বাস করে এবং আইনের ঊর্ধ্বে কেউ নেই — এই ঘটনা তারই প্রমাণ। কোনো গাড়িচালক যেন মন্ত্রীকে নিয়ে ট্রাফিক আইন ভাঙার সাহস করেন, তা এই সরকার কোনোভাবেই বরদাশত করবে না। আমার নিজের গাড়ির জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

মন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, ঘটনাস্থলটি প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতের রাস্তা। সেদিন সড়কের বাম দিকে প্রচণ্ড যানজট থাকায় চালক ডিভাইডার পার হয়ে তুলনামূলক ফাঁকা রাস্তায় উঠতে চেয়েছিলেন। এটিকে স্পষ্ট ট্রাফিক আইনের লঙ্ঘন মনে করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এজন্য যে মামলা হয়েছে, জরিমানা হয়েছে, তাতে আমি খুশি। এতে প্রমাণ করে, এ ধরনের ঘটনা যাতে কেউ না ঘটান। কারণ কেউ ঘটালে পার পাবেন না।’

মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বুঝতেই পারেন, এটা তারেক রহমানের সরকার। তিনি অত্যন্ত কঠোরভাবে আইনকে প্রতিষ্ঠিত করতে চান এবং আইনের ঊর্ধ্বে কাউকে রাখতে চান না।’ এই ঘটনাকে সরকারের আইনের প্রতি কঠোর অবস্থানেরই উদাহরণ বলে তিনি মনে করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...