র্যাবের বিদায়, পুলিশের অধীনে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন
বহুল আলোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত হয়ে তার স্থান নেবে পুলিশের আওতাধীন একটি নতুন বাহিনী — ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। এই বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর বিল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে এই বিল উত্থাপন করা হয়। ওই সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উত্থাপনের পর বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে, যাকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদনসহ সংসদে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিলের উদ্দেশ্য ব্যাখ্যায় বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং পুলিশ বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিটের প্রয়োজন রয়েছে। পাশাপাশি ইউনিটটির ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনের ১ ধারা অনুযায়ী, এটির নাম হবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’। ৪ ধারায় বলা হয়েছে, পুলিশ বাহিনীর আওতাধীন এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট থাকবে। সরকার প্রয়োজনের নিরিখে পুলিশ বাহিনী, শৃঙ্খলা বাহিনী এবং নির্ধারিত সংখ্যক কর্মকর্তা, আর্মড পার্সোনেল বা কর্মচারীর পদায়ন কিংবা প্রেষণের মাধ্যমে ইউনিটটি গঠন করবে। নতুন এই ইউনিটের সদর দফতর থাকবে ঢাকায়। বিল পাস হলে আইনি কাঠামোতে বদলে যাবে দেশের অভিযান-পরিচালনাকারী বিশেষ বাহিনীর চেহারা।

