সেপ্টেম্বরে গরমের তীব্রতা বাড়ছে, সাগরে লঘুচাপ ও তাপপ্রবাহের সতর্কতা
চলতি সেপ্টেম্বর মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণায়মান লঘুচাপের সৃষ্টিরও আভাস মিলেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় এ পূর্বাভাস দেওয়া হয়। পরিচালক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। সদ্যবিদায়ী আগস্ট মাসে সারাদেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৫.৭ শতাংশ কম ছিল, যদিও চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এর ব্যতিক্রম দেখা গেছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী এক মাসে দেশের বিভিন্ন স্থানে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। অন্যদিকে, উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, তবে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহই বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

