দুর্জয়ের স্ত্রীসহ ৩ জনের বিপুল সম্পদের হিসাব চেয়েছে দুদক
সাবেক ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রীসহ তিন ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগের প্রেক্ষিতে তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুসন্ধানে দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপির নামে প্রায় এক কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার সম্পদের সূত্র পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। এছাড়া ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির বিরুদ্ধেও ৬৯ লাখ ৯৪ হাজার ১৮৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদের প্রমাণ মিলেছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাদের আইনি নোটিশ জারি করা হবে।
এদিকে, যুবলীগ নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠে এসেছে। ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধ বালু উত্তোলন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে তিনি বিপুল অর্থ সম্পদ করেছেন বলে অভিযোগ। তার ১৪টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সংস্থাটি সন্দেহ করছে যে, তার নামে আরও বেনামি সম্পদ থাকতে পারে, যা যাচাইয়ের জন্য সম্পদের বিবরণী চাওয়া হয়েছে।

