সাবেক স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরে সৌদি প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার মূলে ওই যুবকের সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।
পুলিশ জানায়, হৃদয় বেশ কয়েক বছর আগে এক নারীকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে ওই নারী কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন। এর তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। সম্প্রতি ফের তার সাবেক স্ত্রীর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়। বিষয়টি টের পেয়ে মুন্না হৃদয়কে ফোনে হুমকি দেন এবং ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন। কিন্তু হৃদয় তা উপেক্ষা করে সম্পর্ক চালিয়ে যান।
সম্প্রতি ছুটিতে দেশে ফিরলে মুন্না তাকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক আসামি ক্যাপ্টেন মুন্নাসহ আন্ডা রাসেল, কালা বিল্লাল ও ঘাড়কাটা সাইফুলের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

