ইসলামাবাদে হাইকমিশনে মহানবীর (সা.) আদর্শ নিয়ে আলোচনা
পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে। গত বুধবার (২৬ আগস্ট) মিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত হয়। এ সময় উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সমাজ ও ব্যক্তি জীবনের জন্য অনুকরণীয়। তাঁর শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার পথে পরিচালিত করে শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, মহান আল্লাহ মানবজাতির হেদায়েতের জন্য রহমাতুল্লিল আলামিনকে বিশ্বে প্রেরণ করেছেন, যা সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি তাওহিদ, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, রাসুল (সা.) মানুষের অধিকার ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছেন। ইহকাল ও পরকালের মঙ্গলের জন্য তাঁর আদর্শ অনুসরণ করা অপরিহার্য। শেষে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

