নেপালে বন্যায় হতাহতের ঘটনায় ত্রাণ ও উদ্ধারে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
প্রতিবেশী দেশ নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ। এই দুর্যোগকালীন মুহূর্তে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা। বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ এবং পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের সুস্থতা কামনা করছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বাংলাদেশের জনগণ নেপালের এই কঠিন সময়ে দেশটির সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। নেপালের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা এবং উদ্ধার তৎপরতায় সহায়তা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।

