পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: মন্ত্রী
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য এ খাতে আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বিত ও শক্তিশালী সহযোগিতা অত্যন্ত জরুরি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাটলাস মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান-২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেওয়া বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং স্মল মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) প্রযুক্তির সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তি, নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামোগত সহযোগিতার ওপর জোর দেন।
বাংলাদেশের জ্বালানি বাস্তবতা তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে। এ ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তি নির্ভরযোগ্য জ্বালানির উৎস হিসেবে কাজ করতে পারে। তিনি ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক পারমাণবিক সক্ষমতা তিনগুণ করার উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথাও জানান।

