মঙ্গোলিয়ায় জাতিসংঘ সম্মেলনে মিন্টু: চারণভূমি সুরক্ষায় স্থানীয়দের ভূমিকা জরুরি

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৮:৪৯ পিএম
মঙ্গোলিয়ায় জাতিসংঘ সম্মেলনে মিন্টু: চারণভূমি সুরক্ষায় স্থানীয়দের ভূমিকা জরুরি

মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের (ইউএনসিসিডি) ১৭তম সম্মেলনে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু চারণভূমি সুরক্ষা এবং টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার (২৬ আগস্ট) উলানবাটরে অনুষ্ঠিত ‘তৃণভূমি পুনরুদ্ধার এবং পশুপালক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনায় তিনি এই আহ্বান জানান।

খাস ও সম্প্রদায়িক জমির সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি। পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ সাধারণ অর্থে বিস্তীর্ণ চারণভূমির দেশ না হলেও দেশের গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবিকায় প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। ফসল কাটার পর কৃষিজমি, পতিত জমি, চরাঞ্চল, জলাভূমি এবং সড়কের পাশের জমিগুলো পশুচারণের কাজে ব্যবহৃত হয়। এই খাত জিডিপিতে প্রায় ২ শতাংশ অবদান রাখে এবং লাখো মানুষের জীবিকার সাথে জড়িত।

মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, জনসংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন উদ্দেশ্যে ভূমি ব্যবহারের কারণে পশুচারণের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে চারণভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এই পরিস্থিতিতে কমিউনিটি ও খাস চারণভূমি চিহ্নিত করে মানচিত্র তৈরি, স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং ভূমি ব্যবহার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কার্যকর প্রক্রিয়া প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশের জলাভূমি ও বন্যাকবলিত অঞ্চলগুলোর পরিবেশগত গুরুত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব এলাকা মাটির উর্বরতা সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য রক্ষা এবং কার্বন ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রাণিসম্পদ উৎপাদন ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরবিরোধী না ভেবে জাতীয় ভূমি ব্যবস্থাপনা পরিকল্পনায় একসাথে বিবেচনা করা প্রয়োজন। টাঙ্গুয়ার হাওরের উদাহরণ টেনে তিনি বলেন, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ইতিবাচক ফল এনেছে। এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে সফল করতে হলে ধারাবাহিক অর্থায়নের পাশাপাশি স্থায়ী প্রতিশ্রুতি প্রয়োজন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...