আন্তর্জাতিক অনলাইন জুয়া চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার লাখ টাকা
অবৈধ আন্তর্জাতিক অনলাইন জুয়ার বেটিং সাইট পরিচালনার দায়ে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে মো. অহিদুর রহমান (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৩। আসামি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে বাংলাদেশে নিষিদ্ধ এসব বেটিং সাইটের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। গত মঙ্গলবার রাজারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে আসামির কাছ থেকে বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা, নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড এবং একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অহিদুর রহমান জানিয়েছেন, তিনি এই জুয়ার সাইটগুলোর একজন সুপার এজেন্ট হিসেবে কাজ করতেন। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ছদ্মনামে অ্যাকাউন্ট খুলে তিনি এই চক্র পরিচালনা করতেন। তার মোবাইলের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের চ্যাট হিস্টরি পর্যালোচনায় দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির সাথে অবৈধ লেনদেনের প্রমাণ মিলেছে।
এই চক্রের সঙ্গে আরও ১০ থেকে ১২ জন সদস্য জড়িত থাকতে পারে বলে জানিয়েছে র্যাব। তারা মিলে মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই অবৈধ বেটিং ব্যবসা চালিয়ে আসছিল। গ্রাহকদের কাছে বেটিং সাইটের নিজস্ব কারেন্সি বা পিবিইউ বিক্রি করে তারা টাকা আয় করত। এই অবৈধ ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে জমি, গাড়িসহ বিপুল সম্পদ গড়েছে বলে র্যাব জানিয়েছে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

