বাল্যবিবাহ সমর্থকদের হুমকির বিরুদ্ধে তিন সংগঠনের যৌথ প্রতিবাদ

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৯:৪৬ এএম
বাল্যবিবাহ সমর্থকদের হুমকির বিরুদ্ধে তিন সংগঠনের যৌথ প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে বাল্যবিবাহের পক্ষে প্রচার এবং এর বিরোধীদের ওপর হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটি ও গার্লস নট ব্রাইডস বাংলাদেশ। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা এ ঘটনাকে নারী ও শিশু অধিকার আন্দোলনের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে।

‘ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা’ নামে একটি গোষ্ঠী সম্প্রতি অনলাইনে বাল্যবিবাহ বৈধ হওয়ার দাবি করে আসছিল, যার প্রতিবাদ করায় সংশ্লিষ্টদের হুমকি দেওয়া হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশে মেয়েদের বিয়ের বৈধ বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজস্ব ব্যাখ্যা দিয়ে এই আইন অমান্য করতে পারে না এবং বাল্যবিবাহে সহায়তা করলে শাস্তির বিধান রয়েছে। মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসেলম, সাধারণ সম্পাদক মালেকা বানু ও প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

নারী নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হুঁশিয়ারি দেশের সংবিধান ও মানবাধিকার নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একইসাথে বাল্যবিবাহ রোধে রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...