সিন্ডিকেট ঠেকাতে সার ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের
সার সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে এবাং কৃষকদের হয়রানি বন্ধে কঠোর অবস্থানে গেছে সরকার। বরাদ্দ পাওয়া সার নির্ধারিত সময়ে গুদাম থেকে তুলে নিতে ডিলারদের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের এক বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও কৃষিসচিব মো. সেলিম খান সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন।
জানা গেছে, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ডিলার নিজেদের বরাদ্দ সত্ত্বেও সার উত্তোলনে গড়িমসি করছেন। তারা গুদামে সার থাকলেও বাজারে সংকট তৈরির অপপ্রচার চালিয়ে কৃষকদের বাধ্য করছেন বাড়তি দামে সার কিনতে। এমন পরিস্থিতিতে যারা ইচ্ছাকৃতভাবে সংকট তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
এর আগে সোমবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তিনি অবিলম্বে সংকট সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন এবং পরিস্থিতি মনিটর করতে কৃষিমন্ত্রী ও সচিবসহ ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

