সাভারে ককশিটে লুকানো ৪৩ কেজি পচা মাংস, দোকানকে জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৮:৪৮ পিএম
সাভারে ককশিটে লুকানো ৪৩ কেজি পচা মাংস, দোকানকে জরিমানা

সাভারের গেন্ডা বাজারে অভিযান চালিয়ে ক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলার অপচেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (২৪ আগস্ট) এ অভিযানে একটি ককশিটের বক্সের ভেতরে লুকিয়ে রাখা ৪৩ কেজি পচা ও বাসি গরুর মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে এসব মাংস বিক্রির প্রমাণ ও বৈধ কাগজপত্র না থাকায় জাহাঙ্গীর গোশত বিতান নামক দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংস্থাটির উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতটি বাজারে হানা দেয়। অভিযানকালে দেখা যায়, দোকানের ভালো মানের মাংসের আড়ালে বা অন্যথায় সুযোগ বুঝে এই পচা মাংসগুলো সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছিল। তবে মালিক মাংসের উৎস সংক্রান্ত কোনো বৈধ রসিদ বা হালনাগাদ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হন।

সব ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ার পর দোকানের স্বত্বাধিকারী নিজের দোষ স্বীকার করেন। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দোকানকে নির্ধারিত অর্থদণ্ড প্রদান করা হয় এবং আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা নেওয়া হয়। এরপর জব্দ করা ৪৩ কেজি ক্ষতিকর পচা মাংস জনসম্মুখে ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...