খাদ্য নিরাপত্তা ও রপ্তানি বাড়াতে কানাডার সঙ্গে সহযোগিতার নতুন উদ্যোগ
প্রাণিজ খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বাড়াতে কানাডার সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে মঙ্গলবার কানাডার রাজধানী অটোয়ার সিএফআইএ সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন।
এ সময় বাংলাদেশ দূতদলের অন্যতম সদস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং উপপরিচালক মো. শরিফুল হক উপস্থিত ছিলেন। বৈঠকে নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ নজরদারি, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ থেকে আধুনিক পরীক্ষাগার স্থাপন, তথ্য বিনিময় এবং কারিগরি সহায়তায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে সচিব মো. দেলোয়ার হোসেন জানান, আন্তর্জাতিক মানের খাদ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে ঢাকা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে সিএফআইএর কারিগরি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সিএফআইএ মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি এ সময় পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় আরও বৃদ্ধি পাবে।

