জুলাই গণঅভ্যুত্থানে হত্যা: আওয়ামী লীগের বিচার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানিয়েছেন, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানো ফ্যাসিবাদী শক্তি হিসেবে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার অপরিহার্য। একইসাথে তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রতিমন্ত্রী গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুদের তালিকা তৈরির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন।
নুরুল হক নুর অভিযোগ করেন, ওয়ান-ইলেভেনের সময় একটি নীলনকশার মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল, যারা পিলখানা বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করতে চেয়েছিল এবং শাপলা চত্বরে আলেমদের ওপর নৃশংস হামলা চালিয়েছিল। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকেও এই ফ্যাসিবাদী আচরণের অংশ বলে উল্লেখ করেন।
সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশোধের রাজনীতি থেকে দূরে থাকলেও ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি গুম-খুন করতে না পারে, সেজন্য রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।

