২ কোটি চাঁদা না পেয়ে ডেভিড ইমনের হামলা, লুট হলো ৩৫ লাখ টাকা
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় দিনদুপুরে এক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সন্ত্রাসী ডেভিড ইমন দুই কোটি টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হওয়ায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা চালানো হয়। চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) অফিসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা অফিসের ক্যাশ ড্রয়ারের ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুনকে ফোনে হুমকি দিতে শোনা যায় ডেভিড ইমনকে। ফোনালাপে ইমন দাবি করেন, এখন থেকে এই এলাকায় তার পোলাপান (লোকজন) ব্যবসা করবে এবং আদিলদের মতো অন্যদের আর ব্যবসা করতে দেওয়া হবে না। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমি বিজনেস করি না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডাটা পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করিয়েন।’ এ সময় তিনি আদিলকে স্মার্ট গ্রুপের মুজিবের পরিণতি স্মরণ করিয়ে সাবধান করেন।
আদিল বিন মামুন জানতে চাইলে কেন এত রাগ, ডেভিড ইমন জানান, তারা ১৭-১৮ বছর ধরে ব্যবসা করছেন, অথচ তারা (ডেভিড ইমনের গোষ্ঠী) ৫ আগস্টের পর ১৭-১৮টি খুনের মামলা নিয়ে ঘুরছেন। অতিরিক্ত ব্যবসার জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। চট্টগ্রামে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

