অবসরপ্রাপ্ত ও শাস্তিপ্রাপ্তদের পদোন্নতিতে তোলপাড়

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৮:৩৯ পিএম
অবসরপ্রাপ্ত ও শাস্তিপ্রাপ্তদের পদোন্নতিতে তোলপাড়

ক্ষমতায় আসার পাঁচ মাসের মাথায় প্রথমবারের মতো বড় ধরনের প্রশাসনিক পদোন্নতির ঘোষণা এসেছে। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে উন্নীত করা হয়েছে। তবে এই তালিকায় অবসরপ্রাপ্ত, সাময়িক বরখাস্ত এবং আগের সরকারের আমলে বিতর্কিত ভূমিকা পালন করা কর্মকর্তাদের নাম থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রশাসন।

পদোন্নতির তালিকা যাচাই করলে চরম অসঙ্গতি ধরা পড়েছে। গত ৩০ জুন চাকরি থেকে অবসরে যাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মাইনুল হক ভুঁইয়া এই তালিকার ৬৭ নম্বরে রয়েছেন। এছাড়া ঈদুল আজহার পর রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমানও পদোন্নতি পেয়েছেন। তদন্ত শেষ হওয়ার আগেই তার এই পদোন্নতি হওয়ায় প্রশ্ন উঠেছে।

প্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসএসবি বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), শাস্তিমূলক ব্যবস্থা এবং অবসর-সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন বিষয় যাচাই করে সুপারিশ করে। তবে এত স্তরের যাচাই-বাছাইয়ের পরও অবসরপ্রাপ্ত ও বিতর্কিতদের তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে প্রশাসনের সক্ষমতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা এই ভুলের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন এবং দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...