বৃষ্টিতে ডুবে গেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, সৃষ্টি যানজট
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এর প্রভাবে উপজেলার দোহাজারী অংশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে পানি উঠেছে, ফলে এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় সড়কটির বিভিন্ন অংশ এখন ডুবে থাকায় যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যানবাহনগুলো খুব ধীরগতিতে চলতে দেখা গেছে। কোথাও কোথাও ছোট যানবাহন বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, পাশের খাল ও নিচু এলাকার পানি দ্রুত বেড়ে রাস্তায় উঠে এসেছে। এমনকি তলিয়ে যাওয়া সড়কে অনেককে জাল দিয়ে মাছ ধরতেও দেখা যায়।
সড়কে পানি থাকায় বাস ও অন্যান্য যানবাহন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে বলে অভিযোগ করেছেন ভোগান্তির শিকার যাত্রীরা। এর ফলে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। তবে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই এখন ঘর থেকে বের হচ্ছেন না।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বৃদ্ধি পেতে পারে। এ কারণে নিচু এলাকা এবং পাহাড়ঘেঁষা বসতিগুলোতে বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

