দুই দেশের বাণিজ্য বাড়বে: পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিম উপস্থিত ছিলেন।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে যা ইতিবাচক ধারায় এগিয়ে চলছে। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে এবং বাংলাদেশ যেন এই সুযোগটি কাজে লাগায় সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারসের মতো ফল আমদানির জন্য পাকিস্তানকে আহ্বান জানান এবং বাংলাদেশের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য পাকিস্তানে রপ্তানিতে বাধা-বিপত্তি দূর করতে সহযোগিতা চান।
আলোচনায় নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান এবং কৃষি ও মৎস্য খাতে সম্ভাবনাময় সহযোগিতার বিষয়ও উঠে আসে। এছাড়া সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে যাওয়ার প্রবণতা ও বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণ সফর নিয়েও আলোচনা হয়। সমাজকল্যাণ মন্ত্রী এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকারের কার্যক্রমের কথা তুলে ধরেন।

