স্বাস্থ্য খাতে খরচ বাড়ার আশঙ্কা, সংসদে মিটিং নিয়ে বিরোধীদের ক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ৫:১১ এএম
স্বাস্থ্য খাতে খরচ বাড়ার আশঙ্কা, সংসদে মিটিং নিয়ে বিরোধীদের ক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্যসেবা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রস্তাবিত বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই বিল পাস হলে সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির বৈঠকের নোটিশ যথাসময়ে না পাওয়ায় স্পিকারের উদ্দেশ্যে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (৭ জুলাই) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান ওই বিলের লাভজনক বা অলাভজনক দিকগুলো নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখান থেকে আয়ের উদ্দেশ্য থাকলে স্বাভাবিকভাবেই চিকিৎসার খরচ বেড়ে যাবে। তিনি সরকারের বাজেটে জনগণের পকেটের ওপর চাপ কমানোর উদ্যোগের সঙ্গে এই বিলের সাংঘর্ষিক দিকটি তুলে ধরেন। তার আশঙ্কা, এতে স্বাস্থ্য খাতে এমন একটি প্রতিযোগিতা তৈরি হবে যেখানে সাধারণ মানুষের লাভের চেয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা হবে।

বিরোধীদলীয় নেতার এই আপত্তির জবাবে স্পিকার তাকে আশ্বস্ত করে বলেন, একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে বিলটি যখন বিস্তারিত আলোচনার জন্য ওঠবে, তখন তিনি তার মতামত পেশ করতে পারবেন এবং সেই সময় তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে। এর আগে সংসদে দাঁড়িয়ে মাওলানা রফিকুল ইসলাম খান তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, সকাল ১০টায় কমিটির মিটিং থাকা সত্ত্বেও তাকে মেসেজের মাধ্যমে ৯টা ১৯ মিনিটে সূচনা জানানো হয়, যা অগ্রহণযোগ্য। তিনি প্রশ্ন রাখেন, কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের নোটিশ কি এভাবে মুহূর্তের মধ্যে দেওয়া যায় এবং ম্যাজিক না থাকলে কীভাবে এত অল্প সময়ে উপস্থিত হওয়া সম্ভব হতো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...