নারী ও শিশু উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাজ্য হাইকমিশনারের
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্যের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন।
বৈঠকে নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, লিঙ্গ সমতা এবং নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার বুলিং রোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা দূরীকরণে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে মন্ত্রী সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা নির্মূল করে সবার জন্য একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী হাইকমিশনারকে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, কুইক রেসপন্স টিম এবং ডিএনএ ল্যাব। তিনি জানান, ধর্ষণের মতো অপরাধের বিচার নিশ্চিত করতে ও বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহের জন্য ডিএনএ ল্যাবরেটরির কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া চা শ্রমিক, সাঁওতাল ও পাহাড়ি এলাকার নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের প্রশিক্ষণ ও সহায়তা কর্মসূচির কথাও তুলে ধরা হয়।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের সামাজিক নিরাপত্তা এবং নারী ও শিশু অধিকার সুরক্ষায় তার দেশের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থে এই অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

