বৃষ্টির বাধা ডিঙিয়ে পরিচ্ছন্নতা: চসিকের ৩৩০০ কর্মী পেলেন রেইনকোট
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রায় সাড়ে তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিয়েছে কর্তৃপক্ষ। বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) চসিকের টাইগারপাসস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন নগর গড়তে এই কর্মীদের ভূমিকা অপরিসীম। তাদের কঠোর পরিশ্রমের ওপরই নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান নির্ভর করছে।
মেয়র কর্মীদের উদ্দেশ্যে বলেন, বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকলেও যেন কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা হয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কাজে গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বর্জ্য পরিবহনের সময় ট্রাকে আবর্জনা ঢেকে না রাখলে দুর্গন্ধ ছড়ায় ও পরিবেশ দূষিত হয়, তাই নির্ধারিত নিয়ম মেনে বর্জ্য অপসারণের নির্দেশ দেন তিনি।
চট্টগ্রামকে আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসন, কর্মী এবং সাধারণ নাগরিক সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানান মেয়র। অনুষ্ঠানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা উপস্থিত ছিলেন।

