বর্ষার বৃষ্টিতেও কাজ চালিয়ে যেতে ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ১০:০৪ পিএম
বর্ষার বৃষ্টিতেও কাজ চালিয়ে যেতে ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক

বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে পরিচ্ছন্ন বিভাগের প্রায় ৩ হাজার ৩০০ জন কর্মীর মাঝে রেইনকোট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) নগর ভবনের টাইগারপাস প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অপরিসীম। তাদের নিরলস পরিশ্রমের ওপর নগরীর সৌন্দর্য ও বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করে। তিনি জানান, যাতে কোনো কারণেই বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কারণে পরিচ্ছন্নতার কাজে ব্যাঘাত না ঘটে, সে কারণেই সবাইকে রেইনকোট সরবরাহ করা হচ্ছে। একইসঙ্গে তিনি কর্মীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে এবং দায়িত্বে কোনো ধরনের গাফিলতি না করতে কঠোর নির্দেশ প্রদান করেন।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র আরও বলেন, খোলা ট্রাকে আবর্জনা পরিবহনের ফলে রাস্তাঘাটে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষিত হয়। তাই ট্রাকে বর্জ্য ঢেকে নিয়ে যাওয়া বাধ্যতামূলক করতে হবে। চট্টগ্রামকে একটি আধুনিক ও সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...