রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্পৃক্ততা জরুরি: বিশেষজ্ঞদের আহ্বান
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও বিশেষজ্ঞরা। তারা বলেন, রোহিঙ্গা সংকট এখন দ্বিপাক্ষিক সীমানা পেরিয়ে একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে, যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটসে (বিআইআইটি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলা হয়।
সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ (সিসিডি) ও বিআইআইটি ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যাভিগেটিং রোহিঙ্গা ক্রাইসিস’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াসিন আকতাই। তিনি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। তিনি জোর দিয়ে বলেন, শুধুমাত্র মানবিক সহায়তায় নয়, বরং স্থায়ী সমাধানের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিবেশ সৃষ্টিতে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম. আবদুল আজিজ বলেন, এই সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়, এটি সার্বিকভাবে মুসলিম বিশ্বের জন্য এক বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদী এই সংকট কক্সবাজার ও ভাসানচরের পরিবেশ, অর্থনীতি এবং নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করছে। জাতিসংঘ, ওআইসি এবং আসিয়ানভুক্ত দেশগুলোকে একত্রিত হয়ে কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হব। বক্তারা এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বেচ্ছামূলক ও নিরাপদ হতে হবে বলে মত প্রদান করেন।

